সোসাইটি ফর ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (সোসাইটি ফর টি.আর.ই.এস.পি.)-এর উদ্যোগে প্রজ্ঞাভবনে আজ একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের জনজাতিদের অর্থনৈতিকভাবে বিকাশ হওয়া সম্ভব। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের জনজাতিরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। এই প্রকল্পটি সফলভাবে রূপায়ণ করার জন্য তিনি সংশ্লিষ্ট প্রকল্পের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা আজ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে রয়েছে। টি.আর.ই.এস.পি. প্রকল্পটি আগামীদিনেও রাজ্যের জনজাতিদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ড. শশীকুমার বলেন, টি.আর.ই.এস.পি. প্রকল্পটি ২০২৪ সালের মার্চ মাস থেকে শুরু হয়েছে, যা ২০২৯ সালের জুন মাস অব্দি চলবে। এই প্রজেক্ট মূলত জীবিকাভিত্তিক, শিক্ষা এবং রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে কাজ করছে। জীবিকাভিত্তিক ক্ষেত্রে এই প্রকল্পটি কৃষি, প্রাণীসম্পদ ও মৎস্য চাষের জন্য রাজ্যের ৮টি জেলার ২৩টি জনজাতি অধ্যুষিত ব্লকে কাজ করছে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস, টি.আর.এল.এম.-এর সি.ই.ও. তড়িৎকান্তি চাকমা, মধ্যশিক্ষা দপ্তরের অধিকর্তা এন.সি. শর্মা প্রমুখ। অনুষ্ঠানে কাজের সুবিধার্থে এবং প্রত্যেকটি জেলায় এই প্রকল্পের তথ্য সঠিকভাবে রেকর্ড করে রাখার জন্য প্রজেক্ট কর্মীদের হাতে ল্যাপটপ তুলে দেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা।













Leave a Reply