নতুন বছরে সকল অংশের জনগণকে একসাথে এগিয়ে এসে এক ত্রিপুরা গড়ার কাজে আত্মনিয়োগ করতে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।রবিবার হেজামারার মাল্টিপারপাস কমিউনিটি হলে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
রাজ্যের রাজনৈতিক মানচিত্রে মথার একটি অন্যতম দুর্গম গড় হিসেবেই পরিচিত সিমনা বিধানসভা কেন্দ্র ।মথার এই দুর্গম গড়েই সম্প্রতি বিশাল যোগদান সভার আয়োজন করে বিজেপি ।এই যোগদান সভার এক মাসের মধ্যেই রবিবার সিমনা বিধানসভা কেন্দ্রেই অনুষ্ঠিত হলো বিজেপির 32 নম্বর বুথের উদ্যোগে মন কি বাত শ্রবণ অনুষ্ঠান ।এই উপলক্ষে হেজামারা মাল্টিপারপাস কমিউনিটি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা ,মন কি বাত এর স্টেট সেক্রেটারি রতন ঘোষ সহ অন্যান্যরা ।এদিন ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এ বছরের শেষ তথা ১২৯ তম মনকি বাত শ্রবণ অনুষ্ঠান ।এলাকার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে এই অনুষ্ঠান শোনেন মুখ্যমন্ত্রী। পরে হল সভায় উপস্থিত কর্মী সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানের সংক্ষিপ্ত বিষয়বস্তু তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন ,মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন আমরা যদি একে অন্যের ভাষা শিখতে পারি তবে আমরা একে অন্যকে আরো ভালোভাবে জানতে পারবো, চিনতে পারবো ।এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন ,সম্প্রতি তিনি বিবেক নাগরস্হিত রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন ।সেখানে জার্মানি সহ বিভিন্ন ভাষা শেখানোর ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন ,এই উদ্যোগ আমাদের জন্য ভাল।অন্যের ভাষা শিখতে কোন অসুবিধা নেই ।মুখ্যমন্ত্রী বলেন ,তার মনে হয় তাকে ককবরক ভাষা শেখা উচিত ।ককবরক ভাষার লোকেরা যদি বাংলা ভাষা শিখতে পারে তবে আমাদের ককবরক ভাষা শিখতে অসুবিধা কোথায়। এদিন আসন্ন নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। নতুন বছরে এক ত্রিপুরা গড়তে জাতি জনজাতি মণিপুরী মুসলিম সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী ।মুখ্যমন্ত্রী আরও বলেন ,আমরা সকলে মিলে একটা সুন্দর পটভূমি রচনা করতে পারি।
অনুষ্ঠানে এলাকার দুস্থ জনজাতিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী ।এদিন হেজামারা মাল্টিপারপাস কমিউনিটি হলে পৌঁছলে এলাকার জনজাতি অংশের মহিলারা উলুধ্বনি ও শঙ্খ ধ্বনির মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান ।মুখ্যমন্ত্রীর আগমন কে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে সিমনা বিধানসভা কেন্দ্রের এই হেজামারা এলাকাতেই এক সময় বিজেপি পরিচালিত বিভিন্ন অনুষ্ঠানে আক্রমণ সংগঠিত করা হয়েছিল।আর এদিন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্হিতি ছিল চোখে পড়ার মত।













Leave a Reply