NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

TBSE-র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, পাসের হার যথাক্রমে ৮৪.১৮% ও ৭৯.৮৩%

Spread the love

ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (TBSE) শুক্রবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট ২৭,০৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে গড়ে ৮৪.১৮ শতাংশ পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া ২৬,৫০২ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার দাঁড়িয়েছে ৭৯.৮৩ শতাংশ। তবে বোর্ড জানিয়েছে, ‘বছর বাঁচাও অভিযান’ বা ‘বাছার বাঁচাও কর্মসূচি’ সম্পন্ন হওয়ার পর উভয় পরীক্ষার পাসের হার আরও বৃদ্ধি পাবে।

ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে TBSE-র সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী জানান, চলতি বছর বোর্ড শীর্ষ দশ মেধাতালিকা প্রকাশ করছে না। তিনি বলেন, “রি-চেকিং বা স্ব-মূল্যায়নের পর অনেক সময় মেধাতালিকায় পরিবর্তন ঘটে, ফলে বোর্ডকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। ভবিষ্যতের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, আগামী বছর থেকে আবারও শীর্ষ দশ মেধাতালিকা প্রকাশ করা হবে। তবে সম্পূর্ণ মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই মেধাতালিকা ও সার্টিফিকেট প্রদান করা হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট ২৭১টি স্কুল শতভাগ সাফল্য অর্জন করেছে। অপরদিকে মাত্র পাঁচটি স্কুলে পাশের হার ছিল শূন্য শতাংশ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৬০টি স্কুল শতভাগ সাফল্য অর্জন করেছে এবং একটি স্কুলে পাশের হার ছিল শূন্য শতাংশ।

TBSE-র সচিব জয়দীপ ভট্টাচার্য জানান, উপজাতি পরিষদের নির্বাচন চলাকালীন পরিস্থিতির মধ্যেও মাত্র ৩৮ দিনের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, “আগামী দুই মাসের মধ্যেই ‘বাছার বাঁচাও অভিযান’ সম্পন্ন করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *