এডিসি নির্বাচনের ভোট গণনা শেষ হওয়ার পর রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া বিক্ষিপ্ত অশান্তির ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
রবিবার আগরতলার পশ্চিম থানায় পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধনকর জানান, ভোট গণনার পর যেসব এলাকায় উত্তেজনা ও অশান্তির সৃষ্টি হয়েছিল, সেখানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক সহিংসতায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে, তার জন্য কঠোর নজরদারি চালানো হচ্ছে।
একইসঙ্গে শিলাছড়ি মনুবনকুল এলাকায় ঘটে যাওয়া ঘটনাকে উল্লেখ করে তিনি জানান, বর্তমানে সেখানে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। বাজার ও জনজীবনও আগের মতোই স্বাভাবিক রয়েছে। সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পাশাপাশি সাধারণ মানুষকে গুজবে বিভ্রান্ত না হয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।













Leave a Reply