NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

রাজধানীতে দুই চুরি কাণ্ডে চার চোর গ্রেপ্তার

Spread the love

রাজধানীর দুইস্থান থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রী উদ্ধার করল পূর্ব থানার পুলিশ। এই ক্ষেত্রে পুলিশ মোট ৪ জনকে গ্রেফতার করেছে ।মঙ্গলবার পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ এই সংবাদ জানিয়েছেন।

রাজধানীতে নিশি কুটুম্বদের দাপট আবার বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন কম থাকলেও বর্তমানে বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটছে ।সোমবার দুপুরে রাজধানীর টাউন হলের পেছনের এলাকার মৌমিতা দেববর্মার বাড়িতে চুরি হয় ।দুপুরে সদর দরজা খোলা রেখেই মৌমিতা দেববর্মা ও অন্যান্যরা খাবার ঘরে মধ্যাহ্ন ভোজন করছিলেন ।এরই সুযোগে চোর ঘর থেকে বহুমূল্যের পাছড়া এবং একটি বৈদ্যুতিক ফ্যান চুরি করে নিয়ে যায় ।চুরির বিষয়টি নজরে পড়তেই মৌমিতা দেববর্মা পূর্ব থানায় জানান। পূর্ব থানার পুলিশ তদন্তে নেমে সিসিটিভির ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চোরকে চিহ্নিত করে ।বিকেলে রাজধানীর কাটা খাল এলাকা থেকে এই চোরকে গ্রেফতার করে পুলিশ ।তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে কাটাখাল সংলগ্ন এলাকায় বস্তার মধ্যে লুকিয়ে রাখা প্রায় ৫০ হাজার টাকা মূলের পাছড়া ও বৈদ্যুতিক ফ্যানটি উদ্ধার করে পুলিশ ।মঙ্গলবার পূর্ব থানার ওসি সাংবাদিকদের এই সংবাদ জানান ।তিনি জানান ,এই ক্ষেত্রে ধৃত চোরের নাম সুরজ দেববর্মা, তার বাড়ি গন্ডাছড়া এলাকায়।

এদিন পূর্ব থানার ওসি আরো জানান ,সম্প্রতি রাজধানীর নয়নীয়ামুড়া এলাকার এক বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই বাড়িতে সম্প্রতি রঙের কাজ হয় ।তখন পুলিশের সন্দেহ হয় রংমিস্ত্রিদের উপর ।পুলিশ দুই রংমিস্ত্রিকে চারিপাড়ার লোকনাথ পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনা স্বীকার করে ।পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ স্থানীয় একটি জুয়েলারির দোকান থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার গুলি উদ্ধার করে ।এই ক্ষেত্রে ধৃত দুই চোরের নাম হল যথাক্রমে সঞ্জয় শর্মা এবং প্রতাপ দাস। এদিন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান ,ধৃতদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।

পুলিশ আধিকারিক আরো জানান, দুই রং মিস্ত্রি চুরি করা স্বর্ণালংকার গুলি যে জুয়েলারির দোকানে বিক্রি করেছিল সেই দোকান মালিককেও গ্রেফতার করা হয়েছে ।তার নাম বিমল রুদ্র পাল ।এই দুই চুরি কান্ডে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *