NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

হেজামারা প্রসঙ্গ নিয়ে রাজনৈতিক তরজা শুরু

Spread the love

সিমনা বিধানসভা কেন্দ্রের হেজামারার ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু। বৃহস্পতিবার এই ঘটনার নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী জানান,পুলিশকে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন তিনি । জিবি হাসপাতালে আহতদের দেখতে এসে ঘটনার তীব্র নিন্দা জানান রাজ্যের মন্ত্রী টিংকু রায়। অপরদিকে ঘটনার নিন্দা জানিয়ে সঠিকভাবে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিপ্রা মথা মুখপাত্র রাজেশ্বর দেববর্মা। তিনি আরো জানান, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ নিরপেক্ষ হতে হবে।

সিমনা বিধানসভা কেন্দ্রের হেজামারায় বিজেপির কার্যালয় নির্মাণস্হলে হামলার ঘটনাকে কেন্দ্র করে মথা এবং বিজেপি দলের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। বুধবার রাতের ঘটনায় দুজন বিজেপি সমর্থক গুরুতরভাবে আহত হন । তারা হলেন দুখিয়া দেববর্মা এবং হীরন দেববর্মা । রাতেই তাদের আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার নিজের ৭২ তম জন্ম দিবস উদযাপন উপলক্ষে দলীয় কর্মীদের আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বুধবার রাতের হেজামারা ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী জানান এই ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি বলেন এই ধরনের রাজনীতি না করা মথা নেতৃত্বদের বোঝা উচিত ।

বৃহস্পতিবার সকালে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান রাজ্যের মন্ত্রী টিংকু রায়। তিনি আহতদের সাথে কথা বলেন ।তাদের চিকিৎসা পরিষেবা নিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিংকু রায় জানান , বুধবার রাতে হেজামারায় সমাজদ্রোহী এবং সংশ্লিষ্ট এলাকার মথার কিছু নেতৃত্ব এই হামলা সংগঠিত করে । হাতুড়ি দিয়ে বিজেপির এক কর্মীর মাথায় আঘাত করা হয় । গুরুতর অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । এই বিজেপি কর্মীকে দেখতেই হাসপাতালে ছুটে এসেছেন বলে জানান তিনি । ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, এই ধরনের ঘটনা কোনোমতেই কাম্য নয় । একটা রাজনৈতিক দল প্রতিনিয়ত সন্ত্রাস চালিয়ে যাবে এই বিষয়টিও কাম্য নয়। দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে ভাবছেন বলে জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার এক একান্ত সাক্ষাৎকারে তিপ্রা-মথা মুখপাত্র তথা প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মাও হেজামারার ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন ,মথা দল সন্ত্রাসে বিশ্বাস করে না । এই সমস্ত ঘটনা কাম্য নয় । সন্ত্রাস পরিহার করে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার বলে মনে করেন তিনি । এই ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মথা মুখপাত্র বলেন , প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিত কোন বিষয় থাকা চলবেনা।

এদিকে হেজামারার ঘটনাকে কেন্দ্র করে গোটা মোহনপুর মহকুমায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। হেজামারায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে চলছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *