রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে আরও সুদৃঢ়, স্বচ্ছ ও কার্যকর করে তুলতে একাধিক উদ্যোগ গ্রহণ করছে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর। বিশেষ করে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছেও যাতে গণবণ্টন ব্যবস্থার সুফল সঠিকভাবে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।
শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবন-এ খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত “নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা” শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আগত ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির সদস্য, রেশন ডিলার এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পাশাপাশি ন্যায্য মূল্যের দোকানের ডিলার ও বিভিন্ন বণিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভারও আয়োজন করা হয়।
সভায় রাজ্যের গণবণ্টন ব্যবস্থার কার্যকারিতা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগ মন্ত্রীর সামনে তুলে ধরেন। খাদ্যমন্ত্রী সেগুলি মনোযোগ সহকারে শোনেন এবং গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সকল পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান।
মন্ত্রী সুশান্ত চৌধুরী সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দেন যাতে রাজ্যের সাধারণ ভোক্তারা গণবণ্টন ব্যবস্থায় কোনও ধরনের সমস্যার সম্মুখীন না হন এবং পরিষেবার মান আরও উন্নত করা যায়। তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ভোক্তাদের স্বচ্ছ ও উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যেই দপ্তর কাজ করে চলেছে।














Leave a Reply