NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

রেড ক্রসের রক্তদান শিবিরে রাজ্যপাল

Spread the love

আগামী বছরের মধ্যে রাজ্যের সমস্ত ব্লাড ব্যাংকে যেন পর্যাপ্ত রক্ত মজুত রাখা যায় তার জন্য অঙ্গীকারবদ্ধ হতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু। আজ ৭৯তম বিশ্ব রেড ক্রস দিবস উদযাপন উপলক্ষ্যে আগরতাস্থিত রেড ক্রস ভবনে মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে রাজ্যপাল এই আহ্বান জানান। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ত্রিপুরা শাখা এই রক্তদান শিবিরের আয়োজন করেছে।

রক্তদান শিবিরের উদ্বোধন করে রাজ্যপাল বলেন, রক্তের কোন বিকল্প নেই। মানুষের স্বেচ্ছা দানের মাধ্যমেই রক্ত সংগ্রহ করা যায়। মাত্র ২৫০ মিলিলিটার রক্ত ৩ জনের জীবন বাঁচাতে সহায়তা করতে পারে। নিয়মিত রক্তদান রক্তদাতাদের জন্যও উপকারী। একবার রক্তদান করার পর নতুন রক্ত কণিকা তৈরী করতে তা সহায়তা করে। স্বেচ্ছা রক্তদানে রাজ্যের উল্লেখযোগ্য সাফল্যের জন্য রাজ্যপাল রাজ্যবাসীর কর্তব্যপরায়ণতা এবং সুদৃঢ় মানষিকতার প্রশংসা করেন। রক্তদান শিবিরের আয়োজন করার জন্য তিনি রেড ক্রস সোসাইটিকে অভিনন্দন জানান। রাজ্যপাল ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির পৃষ্টপোষক আজীবন সদস্য এবং স্বাস্থ্য সখীদের মধ্যে শংসাপত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, এই মেগা রক্তদান শিবির মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ। একই দিনে সমগ্র ত্রিপুরা জুড়ে এই কর্মসূচির আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি রেড ক্রস সোসাইটির বিভিন্ন সমাজ সেবামূলক কাজের প্রশংসা করেন। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তাছাড়া বক্তব্য রাখেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ায়ের ইন্সপেক্টর জেনারেল অলক কুমার চক্রবর্তী। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা শাখার চেয়ারম্যান বি কে রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ত্রিপুরা শাখার সম্পাদক চন্দন দেবনাথ। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার। অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানান ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ত্রিপুরা শাখার সহ সভাপতি পরমানন্দ সরকার ব্যানার্জী। অনুষ্ঠানে রাজ্যপাল ভার্চুয়ালি অন্যান্য জেলা কমিটির সদস্য-সদস্যা সহ রক্তদাতাদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তাদের সাথে মতবিনিময় করেন। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *